সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে হবিগঞ্জের ৬ যুবক নিখোঁজ, জীবিত ফিরলেন একজন

সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে হবিগঞ্জের ৬ যুবক নিখোঁজ, জীবিত ফিরলেন একজন

সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে হবিগঞ্জের ৬ যুবক নিখোঁজ হয়েছেন, তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে জীবিত ফিরেছেন একজন। ইউরোপের দেশ গ্রিসে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় প্লাস্টিকের নৌকায় ছিদ্র হয়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার ১৫ দিন পার হলেও নিখোঁজ ছয় যুবকের কোনো সন্ধান পাচ্ছে না পরিবার।

নিখোঁজদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের রহমত আলীর ছেলে গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার মাধ্যমে গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে হবিগঞ্জের মাধবপুর ও লাখাই উপজেলার সাত যুবক লিবিয়ায় পাড়ি জমান। সেখান থেকে গত ৩১ অক্টোবর একটি প্লাস্টিকের নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করেন তাঁরা।

যাত্রাকারী সাত যুবক হলেন—মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামের দারগ আলীর ছেলে মাসুম মিয়া, একই গ্রামের নুরুল ইসলামের ছেলে পাবেল মিয়া, ধনু মিয়ার ছেলে আতাউর মিয়া, কাউড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে আলমগীর মিয়া, বাঘাসুরা গ্রামের হবির মিয়ার ছেলে নাঈম মিয়া, ছাতিয়াইন ইউনিয়নের ফরিদ মিয়ার ছেলে সাগর মিয়া এবং লাখাই উপজেলার হরিনাকোনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবুল মিয়া।

এদের মধ্যে পুরাইকলা গ্রামের মাসুম মিয়া জীবিত অবস্থায় গ্রিসে পৌঁছাতে সক্ষম হয়েছেন। মুঠোফোনে পরিবারের সদস্যদের কাছে তিনি জানান, তাঁদের নৌকায় প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। একপর্যায়ে ভূমধ্যসাগরের মাঝপথে প্লাস্টিকের নৌকাটিতে ছিদ্র হয়ে ভেতরে পানি ঢুকতে শুরু করে এবং যাত্রীরা একে একে সাগরে পড়ে যান। দুর্ঘটনার দুই দিন পর অচেতন অবস্থায় তিনি সাগরের তীরে ভেসে ওঠেন। জ্ঞান ফেরার পর আশপাশে কোনো জনবসতি দেখতে পাননি। প্রায় তিন ঘণ্টা হাঁটার পর একটি বাড়ির সন্ধান পান এবং সেখানকার বাসিন্দাদের সহযোগিতায় পরবর্তীতে গ্রিসে পৌঁছান।

মাসুমের কাছ থেকে এমন ভয়াবহ বর্ণনা শোনার পর নিখোঁজ ছয় যুবকের পরিবারে নেমে এসেছে চরম আতঙ্ক ও আহাজারি। সন্তানরা জীবিত আছেন, নাকি সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন—তা নিয়ে চরম অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় দিন কাটছে স্বজনদের।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, গ্রিসে পাঠানোর কথা বলে দালাল চক্র প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে। কিন্তু সাগরপথে যাত্রার পর থেকে গত ১৫ দিন ধরে তাঁদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা যাচ্ছে না। স্বজনদের ভাগ্যে কী ঘটেছে, তা জানতে সরকার ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

অভিযোগের বিষয়ে গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি দায় অস্বীকার করে বলেন, “আমি এ ব্যাপারে কিছুই জানি না। তাঁদের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।”

স্থানীয় ইউপি সদস্য নিজাম আহমেদ বলেন, “বাঘাসুরা গ্রামের গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার মাধ্যমেই ওই যুবকেরা গ্রিস যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বলে জেনেছি। সাতজনের মধ্যে একজন গ্রিসে পৌঁছেছেন, তবে বাকি ছয়জনের কোনো খোঁজ এখনো মেলেনি। নিখোঁজদের পরিবারগুলো চরম উদ্বেগের মধ্যে রয়েছে।”

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।