বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহাদীর বাড়িতে আগুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহাদীর বাড়িতে আগুন

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহাদীর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে সংগঠনের সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​ঘটনার পরপরই মাহদী হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে দাবি করেন, দুর্বৃত্তরা তার বাড়ির টিনের চাল ও ছোট চাচার বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এতে বৈদ্যুতিক মিটারটি পুড়ে যায়। তিনি জানান, রাতের খাবার শেষে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ বাড়ির চালের ওপর বিকট শব্দ শোনা যায় এবং পরক্ষণেই মিটারে আগুন জ্বলতে দেখা যায়।

​খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। তবে প্রাথমিক তদন্ত ও ঘটনাস্থল পর্যবেক্ষণ শেষে পুলিশ পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পায়নি বলে জানিয়েছে। পুলিশের দাবি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।

​এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, মাহদী হাসানের বাড়ির সামনে তার চাচার বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুন দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন।

​ওসি আরও স্পষ্ট করেন যে, ফেসবুক লাইভে মাহদীর করা পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগের সঙ্গে পুলিশের প্রাপ্ত তথ্যের কোনো মিল পাওয়া যায়নি। ঘটনাস্থলে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি বলে পুলিশ নিশ্চিত করেছে।