৬৫০ কোটি টাকায় ৪ লেন হচ্ছে হবিগঞ্জ-লাখাই সড়ক

হবিগঞ্জ-লাখাই সড়ক

হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের লাখাই অংশের বলভদ্র নদীর ব্রিজ পর্যন্ত সড়কটি সাড়ে ৬শ কোটি টাকা ব্যয়ে চার লেনে উন্নীত করা হচ্ছে। আগামী ২ বছরের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে লাখাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

হুইপ জি কে গউছ বলেন, “এই বিশাল উন্নয়ন কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়ন কাজে যাতে কোনো দুর্নীতি বা অনিয়ম না হয়, সেদিকে নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে। কেউ অনৈতিক সুবিধা নিতে চাইলে দল তার দায় নেবে না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ড. আখতার আহাদ চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপম ও আজাদ হোসেন ফারুকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সভায় বুল্লা বাজারে যানজট নিরসনে আন্ডারপাস (পাতাল সড়ক) নির্মাণ, মহাসড়কে যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধ এবং মাদক ও চুরি রোধে পুলিশি তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।