জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে তিন ব্যবসায়ীকে জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দোকানপাট ও মার্কেটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ রোববার (১৭ মে) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত রানা   শায়েস্তাগঞ্জ শহরের বিভিন্ন দোকানে অভিযান চালান।

এ সময় স্বাস্থ্যবিধি না মেনে বেচাকেনা করায় মনিহার বস্ত্রালয়কে ৩ হাজার টাকা, আলী ক্লথ স্টোরকে ২ হাজার টাকা ও মাছ ব্যবসায়ী জানে আলমকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর শায়েস্তাগঞ্জের বিভিন্ন মার্কেটে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আপনাদেরকে অনুরোধ করছি দোকানপাট বন্ধ রাখেন। এখন পর্যন্ত শায়েস্তাগঞ্জে ১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ল্যাব থেকে ১৭ জনেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। কোনো ধরনের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করছেন না। আপনাদের কারণে মনে হচ্ছে করোনা আসতে আর দেরি হবে না। যদি দোকানপাট বন্ধ না রাখেন, তাহলে আমি বিশাল পরিমাণে জরিমানা করব। তখন কিন্তু লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে।

তিনি আরো বলেন, এই মাসে লোকজন এমনিতেই লাখ লাখ টাকা দান-খয়রাত করে ও যাকাত দেয়। আপনারা ঈদ পর্যন্ত বন্ধ রাখলে তো আর না খেয়ে থাকবেন না। তাহলে কেন নিজের এবং মানুষের জীবন ঝুঁকিতে ফেলছেন? দোকানপাট বন্ধ রেখে নিজেকে ও নিজের পরিবারকে নিরাপদে রাখুন।

Share this news as a Photo Card