আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের লাখাই উপজেলার ৬ নম্বর বুল্লা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার ও গণসংযোগ চালাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মো. মোর্শেদ মান্নান রিপন। তিনি উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বুল্লা বাজারের ‘প্রিয়া সাউন্ড’-এর স্বত্বাধিকারী।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইতিমধ্যে তিনি নিজের আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম এবং হাট-বাজারে উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজের প্রার্থিতার কথা জানান দেওয়ার পাশাপাশি কুশল বিনিময় করছেন তিনি।
চেয়ারম্যান প্রার্থী মো. মোর্শেদ মান্নান রিপন বলেন, “বুল্লা বাজারে দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনার সুবাদে ইউনিয়নের প্রতিটি গ্রামের হিন্দু-মুসলিমসহ সর্বস্তরের মানুষের সাথে আমার সুসম্পর্ক গড়ে উঠেছে। বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও ক্রীড়া অনুষ্ঠানের পাশাপাশি বিগত দিনেও আমি সাধ্যমতো গরিব ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এবার বৃহৎ পরিসরে জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চাই।”
ইউনিয়নের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, “বুল্লা ইউনিয়নের অধিকাংশ গ্রাম ভাটি এলাকায় হওয়ায় এখানকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। এছাড়া শিক্ষা, স্যানিটেশন ও রাস্তাঘাটসহ নানা সমস্যায় ইউনিয়নটি জর্জরিত। নির্বাচিত হলে সবার পরামর্শক্রমে রাস্তাঘাট, মসজিদ-মন্দির, কবরস্থান-শ্মশান এবং খেলার মাঠের উন্নয়নসহ সব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটিকে সাথে নিয়ে কাজ করব।”
মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তরুণ এই প্রার্থী জানান, মদ, গাঁজা, ইয়াবা, চুরি-ডাকাতি এবং অনিয়ম-দুর্নীতির সাথে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। এসব অপরাধ নির্মূলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া পরিষদের নাগরিক সেবা দ্রুততম সময়ে ও ভোগান্তিহীনভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে তাঁর অন্যতম প্রধান কাজ।
ভোটারদের সাড়া প্রসঙ্গে মোর্শেদ মান্নান রিপন বলেন, “গণসংযোগকালে ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করছি। বিগত সময়ে যারা মিথ্যা আশ্বাস দিয়ে নির্বাচিত হয়ে প্রতিশ্রুতি রক্ষা করেননি, সাধারণ মানুষ তাদের ওপর আর আস্থা রাখতে চায় না। এবার ভোটাররা যাচাই-বাছাই করে একজন যোগ্য ও নিবেদিতপ্রাণ মানুষকে নির্বাচিত করতে চান। মহান আল্লাহর রহমতে এবং দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের মূল্যবান ভোটে নির্বাচিত হলে ৬ নম্বর বুল্লা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”




