হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের প্রায় সাড়ে তিন বছর পর মহব্বত আলী (৩৯) নামের এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার রামনগর গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিসহ চারজনকে আটক করেছে পুলিশ।
নিহত মহব্বত আলী রামনগর গ্রামের রুসমত আলীর ছেলে। আর আটককৃতরা হলেন—একই গ্রামের শাহ আলম (৪২), তাঁর স্ত্রী জাহানারা বেগম (৩৪), জয়নাল মিয়া ও ইয়াছিন মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় কৃষক হলেও মহব্বত আলী স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতেন। এ কারণে এলাকায় তিনি পুলিশের ‘সোর্স’ হিসেবে পরিচিত ছিলেন। ২০২৩ সালের ৩০ জুলাই হঠাৎ নিখোঁজ হন তিনি। স্বজনেরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় তাঁর বাবা রুসমত আলী বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু দীর্ঘদিনেও তাঁর নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি।
পরবর্তীতে দীর্ঘ অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এ ঘটনায় জড়িত সন্দেহে শাহ আলম ও তাঁর স্ত্রীসহ চারজনকে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে রামনগর গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংকে অভিযান চালিয়ে মহব্বত আলীর কঙ্কাল উদ্ধার করা হয়। নিখোঁজের সাড়ে তিন বছর পর কঙ্কাল উদ্ধারের এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, দীর্ঘ তদন্তের পর এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতেই সেপটিক ট্যাংক থেকে কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




