বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত গভীর রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলা সদরের ২ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেখের মহল্লায় বাহরাইন ও ওমান প্রবাসী সাবিন মিয়ার বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৬ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, বিদেশি মুদ্রা ও মোবাইল ফোনসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

​ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ১০ জনের মতো মুখোশধারী একদল ডাকাত বাড়িটিতে হানা দেয়। হাফপ্যান্ট ও ফুলপ্যান্ট পরিহিত ডাকাতরা প্রথমেই বাড়ির সবকটি সিসিটিভি ক্যামেরা খুলে নেয় এবং জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর ঘরের ভেতরে থাকা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে ভয় দেখিয়ে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরে ডাকাতরা প্রতিটি কক্ষে তল্লাশি চালিয়ে নগদ টাকা, ১৬ ভরি স্বর্ণালংকার, একাধিক মোবাইল ফোন ও বিদেশি মুদ্রা (দিরহাম) সহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

​সাবিন মিয়ার প্রবাসী ছেলে তুহিন মিয়া জানান, তিনি নিজেও দুই মাস আগে ছুটি কাটাতে বাহরাইন থেকে দেশে এসেছেন এবং তাঁর আরও দুই ভাই ওমান ও বাহরাইনে থাকেন। ডাকাতির রাতে তিনি চুনারুঘাট উপজেলার আসামপাড়ায় অবস্থান করছিলেন। ডাকাতরা চলে যাওয়ার পর বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন এবং এক প্রতিবেশী ফোনে তাঁকে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি মোটরসাইকেলযোগে ভোর ৬টার মধ্যেই বাড়িতে পৌঁছান।

​তুহিন মিয়া অভিযোগ করে বলেন, সকালে স্থানীয়দের সাথে নিয়ে থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ শুরুতে তেমন সাড়া দেয়নি। পরে তিনি থানায় বসেই জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করে নিজেকে একজন প্রবাসী পরিচয় দিয়ে বাড়িতে ডাকাতির কথা জানান। ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে তাঁকে লাইনে রেখেই বানিয়াচং থানা-পুলিশের সাথে সংযুক্ত করে দিলে পুলিশ সক্রিয় হয়। এরপর সকাল আনুমানিক ৮টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং লুণ্ঠিত কক্ষগুলোর ছবি তুলে নিয়ে যায়।

​কান্নাজড়িত কণ্ঠে বাহরাইন প্রবাসী তুহিন মিয়া আরও জানান, ডাকাতির মতো বড় ঘটনার পরও থানা-পুলিশ মামলা না নিয়ে কেবল একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করেছে।

​এ বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল রানার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

​তবে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমি নিজেসহ পুলিশের দল একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় জিডি নথিভুক্ত করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ করে যাচ্ছে।”