হবিগঞ্জের নবীগঞ্জে ৫ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৪নং দীঘলবাক ইউনিয়ন শাখা এবং খিদমাত আল-ফুকারা সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এই মেগা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দীঘলবাক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি পরিচালিত হয়। এতে প্রতিষ্ঠানটির প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ জানার সুযোগ পায়।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মাঝে রক্তদানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ক্যাম্পেইনের শুরুতে শিক্ষার্থীদের নিয়ে রক্তদানের উপকারিতা ও প্রয়োজনীয়তা বিষয়ে একটি বিশেষ কাউন্সেলিং পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—দীঘলবাক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আবদুস সালাম, নবীগঞ্জ উপজেলা তালামীযে ইসলামিয়ার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান হারুন, সাবেক সহসভাপতি সুমন আহমদ, ৪নং দীঘলবাক ইউনিয়ন তালামীযের সভাপতি মাহবুব আলী চৌধুরী ও সহসভাপতি রায়হান আহমদ।
এ ছাড়া খিদমাত আল-ফুকারা সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা সোহাগ আহমদ ও সাংগঠনিক সম্পাদক এম এ আমির এবং সেইফ লাইফ ব্লাড ডোনেট সোসাইটি কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা পারভীন আক্তার ও নবীগঞ্জ ইউনিটের মহিলা বিষয়ক সম্পাদিকা নাঈমা জান্নাত রাজমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের গুরুত্ব ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন সমাজকল্যাণমূলক ও জনহিতকর কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।







