হবিগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির আতিকুল ইসলাম সোহাগ, সেক্রেটারি অ্যাডভোকেট আজিজুর রহমান

হবিগঞ্জ সদর উপজেলা জামায়াতের

হবিগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির আতিকুল ইসলাম সোহাগ এবং সেক্রেটারি অ্যাডভোকেট আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ সদর উপজেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের নতুন নেতৃত্ব নির্বাচন ও পূর্ণাঙ্গ কর্মপরিষদ গঠন সম্পন্ন হয়েছে। এতে রুকনদের প্রত্যক্ষ ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে আতিকুল ইসলাম সোহাগ উপজেলা আমির নির্বাচিত হন এবং গঠনতন্ত্র অনুযায়ী অ্যাডভোকেট আজিজুর রহমান রুবেল সেক্রেটারি নির্বাচিত হন।

দলীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা নির্বাচন পরিচালক মো. লুৎফর রহমানের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি সদর উপজেলার রুকনদের প্রত্যক্ষ ভোট গ্রহণ করে। ভোট গণনা শেষে রুকনদের সর্বোচ্চ ভোটে আতিকুল ইসলাম সোহাগ উপজেলা আমির নির্বাচিত হন। পরে সোমবার (১৬ নভেম্বর) নবনির্বাচিত উপজেলা আমিরকে শপথবাক্য পাঠ করান হবিগঞ্জ জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান।

উল্লেখ্য, আতিকুল ইসলাম সোহাগ এর আগে রুকনদের ভোটে জেলা মজলিসে শূরার সদস্য এবং পরবর্তীতে জেলা কর্মপরিষদ সদস্য নির্বাচিত হন ও শপথ গ্রহণ করেন। এ ছাড়া তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা পাঁচ সেশনে হবিগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি এবং ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা দুই সেশনে পৌর আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলা জামায়াতের কার্যালয়ে রুকনদের ভোটে উপজেলা মজলিসে শূরার সদস্য নির্বাচন সম্পন্ন হয়। এতে নির্বাচিত শূরা সদস্যরা হলেন—হাজী মো. আব্দুল কুদ্দুস, অ্যাডভোকেট আজিজুর রহমান রুবেল, এস এম নাদির শাহ, ডা. মো. রুহুল আমিন ও মিয়া মো. ফরিদ। এ ছাড়া শূরা সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. হাসান, আবু জাফর সিদ্দিক, মো. রেজাউল করিম, মো. রফিকুল ইসলাম ও শামসুদ্দিন আহমেদ মঞ্জু।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত উপজেলা শূরা সদস্যদের পরামর্শক্রমে ২০২৭–২০২৮ সেশনের উপজেলা কর্মপরিষদ গঠন করা হয়। নবগঠিত এই কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—

উপজেলা আমির: আতিকুল ইসলাম সোহাগ
সেক্রেটারি: অ্যাডভোকেট আজিজুর রহমান রুবেল
সহকারী সেক্রেটারি: এস এম নাদির শাহ ও মো. হাসান
কর্মপরিষদ সদস্যবৃন্দ: আবু জাফর সিদ্দিক, মো. রেজাউল করিম, ডা. মো. রুহুল আমিন, মো. রফিকুল ইসলাম ও শামসুদ্দিন আহমেদ মঞ্জু।

পরে নবনির্বাচিত উপজেলা আমির আতিকুল ইসলাম সোহাগ নির্বাচিত মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

দায়িত্বশীল নির্বাচন ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুস শহীদ এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমদ।

অনুষ্ঠানে অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে হবিগঞ্জ সদর উপজেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে হবে। উপজেলার প্রতিটি গ্রামে সুসংগঠিত কাঠামো গড়ে তোলার পাশাপাশি দাওয়াতি, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণে দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।