হবিগঞ্জের বানিয়াচং উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে আ.লীগ-ছাত্রলীগ ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে। উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক মারুফের সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়মিত যোগাযোগ ও ওঠাবসা নিয়ে স্থানীয় দলীয় নেতাকর্মীদের একাংশের মাঝে নতুন করে বিতর্ক ও অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত উজ্জ্বলকে ঘিরে সম্প্রতি তৈরি হওয়া পরিস্থিতিতে উপজেলা বিএনপি সভাপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূলের নেতাকর্মীরা।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর অভিযোগ, ৫ আগস্ট-পরবর্তী সময়েও মুজিবুল হক মারুফের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ঘনিষ্ঠতা অব্যাহত রয়েছে। তাঁদের দাবি, এ ধরনের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাধারণ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও সাংগঠনিক অস্বস্তি তৈরি হচ্ছে।
দলীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে ‘ডিসি টুর্নামেন্ট’-সংক্রান্ত একটি প্রস্তুতিমূলক অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত উজ্জ্বলকে উপস্থিত থাকতে দেখা যায়। এ বিষয়টি জানাজানি হওয়ার পরপরই বানিয়াচং উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়।
তৃণমূল নেতাকর্মীদের একাংশের প্রশ্ন, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরও আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে উপজেলা বিএনপির শীর্ষ নেতার এমন সখ্যের কারণ কী? দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্নে তাঁর এই ভূমিকা কতটা গ্রহণযোগ্য—তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। দলের ভাবমূর্তি রক্ষায় এ বিষয়ে উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্বের অবস্থান পরিষ্কার করার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।
এদিকে, উত্থাপিত অভিযোগের বিষয়ে বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক মারুফ এবং ছাত্রলীগ নেতা উজ্জ্বলের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের সাড়া পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।





