আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন: মাধবপুরে ৫ বাগানে প্রতিদ্বন্দ্বিতায় ৩১৫ প্রার্থী

আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন - মাধবপুরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা।

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত কমিটির নির্বাচন। আগামী ২৮ নভেম্বর (শনিবার) এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার পাঁচটি চা বাগানে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ইতিমধ্যে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ায় বাগানগুলোতে শুরু হয়েছে জোরেশোরে প্রচার-প্রচারণা।

সরেজমিনে দেখা যায়, চা বাগানের পাড়ায় পাড়ায় চলছে সভা-সমাবেশ, মিছিল ও গণসংযোগ। প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা পোস্টার, ব্যানার ও লিফলেট নিয়ে চা শ্রমিকদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও সমর্থন প্রার্থনা করছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার পাঁচটি চা বাগানের সাতটি পঞ্চায়েত কমিটির ১০৫টি পদের বিপরীতে ২১টি প্যানেলে মোট ৩১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব বাগানে মোট ভোটার রয়েছেন ৪ হাজার ৯১৪ জন।

বাগানভিত্তিক প্রার্থী ও ভোটারদের চিত্র:

সুরমা চা বাগান: এই বাগানের তিনটি পঞ্চায়েত কমিটির ৪৫টি পদের বিপরীতে ৯টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩৫ জন প্রার্থী। এখানে মোট ভোটার ২ হাজার ১২৪ জন।
নয়াপাড়া চা বাগান: একটি পঞ্চায়েত কমিটির ১৫টি পদের বিপরীতে ৪টি প্যানেলে ৬০ জন প্রার্থী লড়ছেন। এ বাগানে ভোটার রয়েছেন ৮৫০ জন।
জগদীশপুর চা বাগান: ১৫টি পদের বিপরীতে ৩টি প্যানেলে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ৭৯৯ জন।
তেলিয়াপাড়া চা বাগান: ১৫টি পদের বিপরীতে ৩টি প্যানেলে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ বাগানে ভোটার রয়েছেন ৭৫৫ জন।
বৈকুণ্ঠপুর চা বাগান: ১৫টি পদের বিপরীতে ২টি প্যানেলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটার রয়েছেন ৩৮৬ জন।

জগদীশপুর চা বাগানের বাসিন্দা পলাশ কুর্মী বলেন, “দীর্ঘ আট বছর পর পঞ্চায়েত কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

সুরমা চা বাগানের চা শ্রমিক প্রদীপ কৈরি বলেন, “দীর্ঘদিন ধরেই চা শ্রমিকেরা নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন। অনেক দিন পর ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে পারব ভেবে বাগানের সবাই খুব আনন্দিত।”

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, প্রার্থীরা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনকে ঘিরে বাগান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “উপজেলার পাঁচটি চা বাগানের সাতটি পঞ্চায়েত কমিটি গঠনের লক্ষ্যে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সব পক্ষ নির্বাচনী আচরণবিধি ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।”