সারাদেশে পতিত স্বৈরাচার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও , নৈরাজ্য, সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যার পর বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের নেতৃত্বে জেলা বিএনপির উদ্যোগে এ প্রতিবাদ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।
তিনি এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশকে ধারণ করে না। ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এই মাস মুক্তিকামী মানুষের বিজয় ও স্বাধীনতার গৌরবের প্রতীক। পলাতক ফ্যাসিস্টদের জন্য ডিসেম্বর বিজয়ের মাস হতে পারে না।
দেশের গণতন্ত্র সুসংহত করা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগুন-সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।
তিনি হবিগঞ্জ জেলার যে কোনো স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামিলীগের অগ্নিসংযোগ, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে সোচ্চার থাকার আহবান জানান।
একইসাাতে জনগণের জানমালের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে রাজপথে থাকার জন্য বলেন।




