ঘুমন্ত স্বামীকে শিল দিয়ে আঘাত, আদালতে স্ত্রীর লোমহর্ষক বর্ণনা

wife confesses attacking sleeping husband with grinding stone madhabpur

হবিগঞ্জের মাধবপুরে ঘুমন্ত স্বামীকে শিল দিয়ে আঘাতের ঘটনায় আদালতে লোমহর্ষক বর্ণনা ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন স্ত্রী মমতা বেগম (২৫)। স্বামীর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন এবং সন্তানকে হত্যার হুমকিতে অতিষ্ঠ হয়েই তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন। শনিবার (২১ নভেম্বর) বিকেলে হবিগঞ্জের প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না রহমান তানিয়ার আদালতে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়। পরে আদালত তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস শনিবার বিকেলে গ্রেপ্তারকৃত মমতা বেগমকে আদালতে হাজির করেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে মমতা বেগম জানান, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে মামুন মিয়ার (৩২) সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মমতার ভাষ্যমতে, বিয়ের পর থেকেই স্বামী মামুন মিয়া তাঁকে নানা অজুহাতে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এর প্রতিবাদ করলে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যেত এবং এমনকি তাঁদের শিশুসন্তানকেও হত্যার হুমকি দেওয়া হতো।

ঘটনার দিনের লোমহর্ষক বর্ণনা দিয়ে জবানবন্দিতে মমতা আরও জানান, বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে স্বামী মামুন মিয়া ঘুমিয়ে পড়লে তিনি রান্নাঘর থেকে পাথরের শিল এনে স্বামীর মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে পরপর চারটি আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় স্বামীকে ফেলে রেখে তিনি বাড়ি থেকে পালিয়ে যান।

পুলিশ জানায়, ঘটনার পরপরই আত্মগোপনে চলে যান মমতা বেগম। পরে শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। মমতা বেগম কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে।

এদিকে, আহত মামুন মিয়ার পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে ঘটনার রাতে স্বামীকে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ান মমতা। মামুন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে পাথরের শিল দিয়ে তাঁর মাথার পেছনে ও মুখমণ্ডলে উপর্যুপরি আঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় মামুন মিয়াকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার জানিয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত মমতা বেগম শনিবার আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।