দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করতে ডিসি-ইউএনওকে কড়া বার্তা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম। হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে এক সামাজিক অনুষ্ঠানে দলীয় ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বঞ্চিত না করার আহ্বান জানিয়ে স্থানীয় প্রশাসনের উদ্দেশে তিনি এই হুঁশিয়ারিমূলক বক্তব্য দেন।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে শাহজাহানপুর ইউনিয়নের স্থানীয় আব্দুল মান্নান মেম্বারের বাড়িতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন। ইতিমধ্যে তাঁর এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বক্তব্যে অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, “আমি মাধবপুরের ইউএনও ও হবিগঞ্জের ডিসিকে স্পষ্ট বলে দিতে চাই, আমার দলের রাজপথে যেসব নেতাকর্মী ছিলেন, অন্যায়ের শিকার হয়েছেন, জেল খেটেছেন—তাঁরা যেন কোনো কিছু থেকে বঞ্চিত না হন।”
এ সময় স্থানীয় পর্যায়ে ডিলার নিয়োগের প্রসঙ্গ তুলে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন করেন, “স্যারের ডিলার কাকে দিয়েছেন?” জবাবে পাশ থেকে একজন ডিলারশিপ আওয়ামী লীগকে দেওয়া হয়েছে বলে উত্তর দেন।
বক্তব্যের একপর্যায়ে স্থানীয় সংসদ সদস্যের উদ্দেশেও তিনি আহ্বান জানিয়ে বলেন, বিএনপির অনেক ত্যাগী নেতাকর্মী এখন রাস্তায় রাস্তায় ঘুরছেন; তাঁদের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করতে হবে।
রাজনৈতিক এই গুরুত্বপূর্ণ সময়ে নিজ এলাকার দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে তাঁর এমন বক্তব্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি) ও জনপ্রতিনিধিদের উদ্দেশে দেওয়া বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
এ বিষয়ে সাবেক যুবদল নেতা ও দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি আনোয়ার হোসেন বেলাল বলেন, “আমিন ভাই সত্য কথাই বলেছেন। আসলে সবাইকে মূল্যায়ন না করলে একসময় তাঁরা বিদ্রোহ করে বসেন, এতে দলেরই ক্ষতি হয়। আর প্রশাসনের উচিত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একটি ভারসাম্য বজায় রাখা।”




