শায়েস্তাগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার হয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম সুমন মিয়া (৩৮)। শনিবার (২১ নভেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সুমন মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার সাবাসপুর গ্রামের আ. হামিদের ছেলে। তবে তিনি বর্তমানে উপজেলার পূর্ব লেঞ্জাপাড়ার হিজড়াপট্টি এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৭ এপ্রিল দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত সুমন মিয়াকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে পুলিশ পাহারায় (এসকর্ট) আসামিকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয় এবং আদালতের নির্দেশে তাঁকে কারাগারে সোপর্দ করা হয়েছে।