পরাজিত শক্তির অস্থিতিশীলতার ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপি। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনো পরাজিত শক্তি যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভায় দলের শীর্ষ নেতৃবৃন্দ এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি শামসুল কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. শাহজাহান।
সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো অপশক্তি যাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না। দুর্নীতি ও অনিয়ম থেকে বিরত থেকে জনগণের আস্থা অর্জনে কাজ করতে হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, নির্বাচনে দল যাকে সমর্থন দেবে, দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলীয় সিদ্ধান্ত মেনে প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। প্রত্যেক নেতাকে নিজ নিজ ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে নির্বাচনী প্রস্তুতি নিতে হবে।
বক্তারা আরও বলেন, বিএনপি সরকার গঠন করেছে। এ অবস্থায় দলের নেতাকর্মীদের আচরণ ও কর্মকাণ্ডে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দলীয় শৃঙ্খলার মধ্যে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি ও চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদ, আরজু মিয়া মেম্বার, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান মীর মুর্শেদসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।




