আবুল হাসান ফায়েজ: হবিগঞ্জের মাধবপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়িক অংশীদারের কোটি টাকা আত্মসাৎ ও লাশ গুমের হুমকির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলা করেন।
অভিযুক্ত এখলাছুর রহমান ভূঁইয়া মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বেলঘর গ্রামের মৃত জমসেদ মিয়া ভূঁইয়ার ছেলে। মামলার বাদী ঢাকার বাসিন্দা মৃত আব্দুল কাদির ভূঁইয়ার ছেলে ব্যবসায়ী মুকশেদ ব্যাপারী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বালু উত্তোলন ও বিক্রয় সংক্রান্ত বিষয়ে এখলাছুর রহমান ভূঁইয়ার সঙ্গে ব্যবসায়ী মুকশেদ ব্যাপারীর চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ঢাকা-সিলেট মহাসড়কের বেলঘর এলাকায় ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে স্তূপাকারে মজুদ রাখা হয়েছিল। গত বছর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের গোলাপ খাঁর ছেলে ও মামলার ৪ নম্বর সাক্ষী ইউসুফ খাঁর তত্ত্বাবধানে এই বালু উত্তোলন করা হয়। চুক্তিতে অংশীদার হিসেবে এখলাছুর রহমানের মূলধন বিনিয়োগ করার কথা থাকলেও দলীয় ও স্থানীয় প্রভাব খাটিয়ে তিনি কোনো পুঁজি বিনিয়োগ করেননি।
মামলায় উল্লেখ করা হয়, বাদী মুকশেদ ব্যাপারী ৯৮ লাখ টাকারও বেশি খরচ করে চলতি বছরে ৭ লাখ ৫৫ হাজার ঘনফুট বালু মজুদ করেছিলেন। ‘পিডিএল’ কোম্পানির কার্যাদেশ অনুযায়ী ওই বালু সরবরাহ করলে ১ কোটি ২৮ লাখ ৩৫ হাজার টাকায় বিক্রি হতো। কিন্তু অভিযুক্ত এখলাছুর রহমান দলীয় প্রভাব খাটিয়ে মজুদকৃত বালু আটকে রেখে নিজেই বিক্রি করে পুরো টাকা আত্মসাৎ করেন। শুধু তাই নয়, বালু উত্তোলনকারী মুকশেদ ব্যাপারী ও ইউসুফ খাঁকে এলাকায় প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে এবং পাওনা টাকা ও বালু পরিবহনের কথা বললে তাঁদের হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী মুকশেদ ব্যাপারী বাদী হয়ে গত ১৪ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে (সিআর মামলা নং- ১২৭৯/২৬) মামলাটি দায়ের করেন। মামলায় এখলাছুর রহমান ছাড়াও বেলঘর গ্রামের জমসিদ মিয়ার ছেলে মেহেদী হাসান টিটু এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের গ্রামের জবু মিয়ার ছেলে সোহাগ ও মৃত বেদন মিয়ার ছেলে মোস্তাককে আসামি করা হয়েছে।
মামলার বাদী মুকশেদ ব্যাপারী জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এখলাছুর রহমান ভূঁইয়া তাঁর কাছে এখনো প্রায় ৫ লাখ টাকার মতো পাওনা থাকার বিষয়টি স্বীকার করে বলেন, “বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। এরপরও আদালতে মামলা দায়ের করায় আমি হতাশ।”




