চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪

চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪ - এসআরবি-৯ এর অভিযান।

হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র ও ৫৪০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

গত শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে (৭ নভেম্বর) উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা এলাকার একটি বসতবাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এ.টি.এম হেলাল (৫৬), একই গ্রামের আব্দুল মজিদের ছেলে কাজী রুবেল (২৩), মহদিরকোনা গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. তারেক মিয়া (২৬) এবং গাজীনগর গ্রামের আ. হামিদ তালুকদারের ছেলে বাবুল তালুকদার (৩৯)।

​চুনারুঘাটে এসআরবি-৯ এর মধ্যরাতের অভিযান

​এসআরবি-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, চুনারুঘাট থানাধীন বাসুল্লা এলাকার একটি বসতবাড়িতে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত সোয়া ১২টার দিকে এসআরবির একটি আভিযানিক দল সেখানে হানা দেয়। এ সময় বাহিনীর উপস্থিতি টের পেয়ে ৭-৮ জন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে চারজনকে আটক করা হয় এবং বাকিরা অন্ধকারে পালিয়ে যায়।

চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪ - এসআরবি-৯ এর অভিযান।

​বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ৫৪০ পিস ইয়াবা উদ্ধার

​আটককৃতদের তথ্যের ভিত্তিতে ওই বসতঘরে তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহারের জন্য মজুত রাখা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—২টি লোহার চাকু, ১টি কাঠের বাটযুক্ত চাকু, ২টি সুইচ গিয়ার চাকু, ২টি লোহার বল্লম, ১টি দা, ১টি চাপাতি, ১টি রামদা, ২টি করাত, ১টি লোহার পাত, ১টি মোটরসাইকেলের চেইন ও ২টি লোহার সুজ।

​এছাড়া আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করে এ.টি.এম হেলালের প্যান্টের পকেট থেকে ১৮৫ পিস, কাজী রুবেলের কাছ থেকে ১৫৫ পিস এবং মো. তারেক মিয়ার কাছ থেকে ২০০ পিসসহ সর্বমোট ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

​পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধি (পেনাল কোড) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।