হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব জি কে গউছ নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, দলের কোনো নেতাকর্মী যদি অনৈতিক সুবিধা নিতে চায়, তবে দল তার দায়িত্ব নেবে না। অতীতের ন্যায় সারাদেশে বিএনপির নেতৃত্বে উন্নয়নের কাজ চলছে। এসব উন্নয়ন কাজে যাতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম না হয়, সেদিকে নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে লাখাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা ও হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি।
বক্তব্যে হুইপ জি কে গউছ আরও বলেন, “অতীতে যারা জনগণের অধিকার নিয়ে তামাশা করেছেন, তারা আজ দেশের বাইরে। বিএনপি একটি গণতান্ত্রিক দল। দীর্ঘদিন ধরে বিএনপি এ দেশের দায়িত্ব পালন করেছে এবং এখনও দায়িত্বে রয়েছে। হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের লাখাই অংশের বলভদ্র নদীর ব্রিজ পর্যন্ত সড়কটি সাড়ে ৬শ কোটি টাকা ব্যয়ে চার লেনে উন্নীতকরণের কাজ আগামী ২ বছরের মধ্যে সম্পন্ন হচ্ছে। এই উন্নয়ন কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকতে হবে।”
সভায় আলোচনায় অংশ নেন লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. আখতার আহাদ চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শেখ মো. ফরিদ মিয়া, সহসভাপতি তাজুল ইসলাম মোল্লা তাজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল এবং উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেজভী আক্তার পান্না।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ১ নম্বর লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপম, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফারুক, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা নিপুণ রায় এবং প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আজম প্রমুখ।
সভায় উপজেলার ক্রমবর্ধমান বুল্লা বাজারে যানজট নিরসনে চৌরাস্তায় আন্ডারপাস (পাতাল সড়ক) নির্মাণ এবং হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের লাখাই অংশে যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে জনভোগান্তি সৃষ্টি রোধে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে মাদক ও চুরি রোধে পুলিশ প্রশাসনের আরও কঠোর ভূমিকা এবং বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সচল করা, করাব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা সুচিত্রার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং লাখাই উপজেলা পরিষদের সীমানা প্রাচীর নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়।




