সিলেটে ৯ মামলার আসামি ‘পল্টি রাসেল’ ওরফে রাসেল মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল মিয়া সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ঠাকুরপাড়া এলাকার মৃত আকমল মিয়ার ছেলে।
দক্ষিণ সুরমায় এসআরবি-৯ এর বিশেষ অভিযান
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে এসআরবি-৯, সিপিএসসি সিলেটের একটি আভিযানিক দল দক্ষিণ সুরমা থানাধীন ‘দি কস্তুরি’ রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ.) থানার একটি হত্যাচেষ্টা মামলার (মামলা নং-০৫, তারিখ- ০২/০৪/২০২৪ খ্রি., জিআর নং- ৮৫/২৪) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রাসেল মিয়া ওরফে পল্টি রাসেলকে গ্রেপ্তার করা হয়।
হত্যা ও মাদকসহ ৯টি মামলার আসামি
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেপ্তারকৃত ‘পল্টি রাসেল’ এলাকার চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, মাদক কারবার এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ বিভিন্ন অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাস ও মাদক দমনে এসআরবি-৯ এর এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।




