নবীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে ‘বাঘ’ আতঙ্ক: এআই ছবির ছড়াছড়ি, সত্য নাকি গুজব?

নবীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে বাঘ আতঙ্ক - ফেসবুকে ছড়িয়ে পড়া এআই ছবি ও স্থানীয়দের উদ্বেগ।

শাহরিয়ার আহমেদ শাওনঃ বাঘের কথা উঠলেই অনেকের মনে পড়ে সেই প্রচলিত রাখাল বালক ও বাঘের গল্পের কথা—মিথ্যা আতঙ্ক ছড়াতে ছড়াতে একসময় সত্যিই বাঘ এলেও কেউ আর তার কথা বিশ্বাস করেনি। অনেকটা তেমনই এক বিভ্রান্তিকর ও আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। উপজেলার কারখানা, দৌলতপুর, জালালসাফ ও দেবপাড়াসহ বেশ কয়েকটি গ্রামে বাঘ ঢুকে পড়েছে—এমন খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে কৌতূহলের পাশাপাশি চরম ভয় ও আতঙ্ক বিরাজ করছে।

তবে সরেজমিনে খোঁজ নিয়ে এখন পর্যন্ত এলাকায় বাঘের উপস্থিতির কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয়ভাবে কেউ কেউ বাঘ দেখার দাবি করলেও প্রশাসনিকভাবে বা বাস্তবতার নিরিখে বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এদিকে এই আতঙ্ককে আরও উসকে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। স্থানীয়দের অভিযোগ, একটি মহল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ফটো এডিটিংয়ের মাধ্যমে বাঘের বিভিন্ন ভুয়া ছবি তৈরি করে তা নবীগঞ্জের বাস্তব ঘটনা বলে প্রচার করছে। এতে গ্রামের সাধারণ ও সহজ-সরল মানুষের মাঝে বিভ্রান্তি এবং আতঙ্ক বহুগুণ বেড়ে গেছে।

বাঘের উপস্থিতি নিয়ে ছড়িয়ে পড়া এই খবরের জেরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সন্ধ্যার পর স্থানীয়রা অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া কমিয়ে দিয়েছেন। বিশেষ করে শিশু ও গৃহপালিত গবাদিপশুর নিরাপত্তা নিয়ে অভিভাবক ও খামারিদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছেন, কোনো তথ্যের সত্যতা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই-নির্মিত ছবি বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা একেবারেই অনুচিত। গুজব ছড়িয়ে অযথা জনমনে আতঙ্ক সৃষ্টি না করে, সত্যিই কোনো বন্যপ্রাণীর দেখা মিললে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করার আহ্বান জানিয়েছেন তারা।

সব মিলিয়ে নবীগঞ্জের ওই গ্রামগুলোতে বাঘের উপস্থিতির খবরটি আদৌ সত্য, নাকি নিছকই ডিজিটাল গুজব—তা নিয়ে এখনো এলাকাজুড়ে চলছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা।