বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবপুর উপজেলা শাখার আমির নির্বাচিত হয়েছেন মো. আবুল হাশিম এবং মাধবপুর পৌরসভার আমির নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল। ২০২৭-২০২৮ সেশনের জন্য দলের রুকনদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হয়েছেন। এ ছাড়া তারা দুজনই হবিগঞ্জ জেলা জামায়াতের মজলিসে শূরার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা রুকন সম্মেলনে রুকনদের সরাসরি ভোটে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখার আমির নির্বাচন করা হয়। এতে মাধবপুর উপজেলা শাখার আমির হিসেবে মো. আবুল হাশিম এবং মাধবপুর পৌরসভা শাখার আমির হিসেবে মোস্তফা কামাল নির্বাচিত হন।
এর ধারাবাহিকতায় সোমবার (১৬ নভেম্বর) হবিগঞ্জ জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা মজলিসে শূরার বৈঠকে নবনির্বাচিত জেলা আমির মাওলানা মুখলিছুর রহমান তাঁদেরসহ জেলার অন্যান্য উপজেলা ও পৌর আমিরদের শপথ বাক্য পাঠ করান।
এদিকে, মো. আবুল হাশিম উপজেলা আমির এবং মোস্তফা কামাল পৌর আমির নির্বাচিত হওয়ায় মাধবপুরের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁদের নেতৃত্বে মাধবপুরে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।




