মাধবপুরে প্রাইভেটকারসহ ৬০ কেজি গাঁজা জব্দ, আটক ৩

মাধবপুরে প্রাইভেটকারসহ ৬০ কেজি গাঁজা জব্দ, আটক ৩ - মাধবপুর থানা পুলিশ।

হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকারে করে পাচারের সময় ৬০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) ভোররাতে উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি মোড় এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামের কালা মিয়ার ছেলে মহিউদ্দিন (৩১), রিপন মিয়ার ছেলে আশিকুল ইসলাম আপন (২১) এবং জসিম মিয়ার ছেলে তামিম মিয়া (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির একটি দল নোয়াহাটি মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি সিলভার রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা ওই তিনজনকে আটক করে পুলিশ।

হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুখেন্দ্র সরকার জানান, সংঘবদ্ধ একটি মাদক চোরাকারবারি চক্র প্রাইভেটকারে করে মাদক পাচার করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসআই জামাল মিয়া ও এএসআই নাজিম উদ্দিনসহ পুলিশের একটি দল এই অভিযানে অংশ নেয় এবং ৬০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার দুপুরে আসামিদের হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।”