বাংলাদেশ জামায়াতে ইসলামী বানিয়াচং উপজেলা শাখার আমির নির্বাচিত হয়েছেন মাওলানা তাসলিম আলম মাহদী। ২০২৭-২০২৮ সেশনের জন্য দলের রুকনদের প্রত্যক্ষ ভোটে তিনি উপজেলা আমির হিসেবে নির্বাচিত হন। এ ছাড়া তিনি হবিগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্য হিসেবেও মনোনীত হয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা রুকন সম্মেলনে রুকনদের সরাসরি ভোটে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখার আমির নির্বাচন করা হয়। এতে বানিয়াচং উপজেলা শাখার আমির হিসেবে মাওলানা তাসলিম আলম মাহদী নির্বাচিত হন।
এর ধারাবাহিকতায় সোমবার (১৬ নভেম্বর) হবিগঞ্জ জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা মজলিসে শূরার বৈঠকে নবনির্বাচিত জেলা আমির মাওলানা মুখলিছুর রহমান তাঁকেসহ অন্যান্য উপজেলা ও পৌর আমিরদের শপথ বাক্য পাঠ করান।
এদিকে, মাওলানা তাসলিম আলম মাহদী বানিয়াচং উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হওয়ায় দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা নবনির্বাচিত আমিরকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর নেতৃত্বে উপজেলায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।




