হবিগঞ্জকে গোপালগঞ্জ হতে দেওয়া হবে না – জেলা জামায়াত আমীর

হবিগঞ্জকে গোপালগঞ্জ হতে দেওয়া হবে না

“হবিগঞ্জকে গোপালগঞ্জ হতে দেওয়া হবে না”—বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও হবিগঞ্জ জেলা আমীর মাওলানা মুখলিছুর রহমান। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াত আমীর মাওলানা মুখলিছুর রহমান বলেন, “এই আওয়ামী লীগ ২০০৬ সাল থেকে দেশে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও শুরু করেছিল। ২০২৪ সালে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে যার সমাপ্তি ঘটেছিল। কিন্তু সরকারের ‘আওয়ামী তোষণ নীতির’ কারণে তারা আবারও হত্যা ও নৈরাজ্যের রাজনীতি করার পরিবেশ পাচ্ছে।”

সরকারের প্রতি জোর দাবি জানিয়ে তিনি আরও বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি চিরতরে বন্ধ করতে আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই—অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করুন এবং এই ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করুন। তাহলেই দেশে শান্তির পরিবেশ বিরাজ করবে।” এ সময় আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই হবিগঞ্জকে কোনোভাবেই গোপালগঞ্জ হতে দেওয়া হবে না।”

সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুশ শহিদ, জেলা সেক্রেটারি কাজী মহসিন আহমদ, সহকারী সেক্রেটারি ও চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি কাজী আব্দুর রউফ বাহার, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং সদর উপজেলা আমীর আতিকুল ইসলাম সোহাগ, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং হবিগঞ্জ পৌরসভা আমীর আব্দুল মজিদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হবিগঞ্জ জেলা সেক্রেটারি ছাত্রনেতা সাইদুর রহমান।

এছাড়াও বিভিন্ন উপজেলা ও পৌর শাখার আমীর, সেক্রেটারি, সহকারী সেক্রেটারিসহ জামায়াত, শ্রমিক কল্যাণ, যুব ও ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।