প্রতিবন্ধী শিক্ষার্থীর উচ্চ শিক্ষার দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা

প্রতিবন্ধী শিক্ষার্থীর উচ্চ শিক্ষার দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা

আর্থিক সংকটের কারণে ডিগ্রিতে ভর্তি হওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় ছিলেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার প্রতিবন্ধী শিক্ষার্থী মো. অন্তর পাশা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে মানবিক সহায়তার হাত বাড়িয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আশরাফুজ্জামান রিয়াজ।

মো. অন্তর পাশা আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।

জানা যায়, চরম আর্থিক অনটনের কারণে প্রতিবন্ধী শিক্ষার্থী অন্তর পাশার উচ্চশিক্ষা গ্রহণ প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। সম্প্রতি এ বিষয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্ট ছাত্রদল নেতা আশরাফুজ্জামান রিয়াজের নজরে আসে। বিষয়টি জানার পরপরই তিনি অন্তর পাশার সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁর ডিগ্রিতে ভর্তি হওয়া থেকে শুরু করে পুরো অধ্যয়নকালীন যাবতীয় শিক্ষা ব্যয় বহনের দায়িত্ব গ্রহণ করেন।

অর্থের অভাবে উচ্চশিক্ষার স্বপ্ন থমকে যাওয়ার উপক্রম হওয়া এক অদম্য শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক ও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহল।