লাখাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

লাখাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

হবিগঞ্জের লাখাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। র্যালির অগ্রভাগে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আজম, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি ও গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আজমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান।

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভার শুরুতে প্রজেক্টরের মাধ্যমে উপজেলায় প্রাণিসম্পদ উৎপাদনের বর্তমান চিত্র এবং নিরাপদ মাংস, ডিম ও দুধ প্রাপ্তি নিশ্চিত করতে করণীয় বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে অংশ নেন লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদসহ স্থানীয় খামারিবৃন্দ।

সভায় বক্তারা বলেন, হাওরবেষ্টিত লাখাই উপজেলা প্রাণিসম্পদ উৎপাদনে অত্যন্ত সম্ভাবনাময় একটি অঞ্চল। উপজেলাটি বর্তমানে ডিম, মাংস ও দুধ উৎপাদনে নিজস্ব চাহিদা মিটিয়ে উদ্বৃত্তের কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে। তাই লাখাইকে একটি উদ্বৃত্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, শুধু উৎপাদন বৃদ্ধি করলেই হবে না, উৎপাদিত পণ্য নিরাপদ হওয়াও জরুরি। নিরাপদ মাংস, ডিম ও দুধ উৎপাদন এখন একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় খামারে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছা ব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে। এছাড়া যত্রতত্র পোল্ট্রি ফার্ম গড়ে ওঠা এবং সঠিক মনিটরিংয়ের অভাবে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। পাশাপাশি গবাদিপশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণের জন্য নির্ধারিত কোনো কসাইখানা না থাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিপণন করা হচ্ছে, যা নিরাপদ মাংস প্রাপ্তির পথে বড় অন্তরায়। এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।